রিজিক নিয়ে দুশ্চিন্তা নয়
মাওলানা ওয়ালি উল্লাহ- আপনার রিজিক আপনার কাছে সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক উৎস থেকে পৌঁছে যাবে আল্লাহর হুকুমে। তবে এ জন্য আমাকে-আপনাকে যে কাজটি করতে হবে, তাহলো আল্লাহর ওপর ভরসা করে হালাল পথে যথাযথ চেষ্টা চালিয়ে যাওয়া। বাকিটি আল্লাহর জিম্মায়।
এ প্রসঙ্গে হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আদম সন্তান মৃত্যু থেকে যেভাবে পালিয়ে বেড়ায়, রিজিক থেকেও যদি সেভাবে পালিয়ে বেড়াত; তবুও তার রিজিক তার কাছেই পৌঁছাত।’ সিলসিলা, আস সহিহ্ : ২/৬৭২
হজরত ইমাম শাফিয়ি (রহ.) বলেন, ‘যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি, সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না।’
তাছাড়া আমাদের জন্য এর চাইতে বড় অনুপ্রেরণা কী হতে পারে, যেখানে আমাদের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহতায়ালা বলেন, ‘যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।’ সুরা আত তালাক : ২-৩
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেন, ‘তোমরা যদি সঠিকভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল (ভরসা) করতে, তবে তিনি তোমাদের রিজিক দান করতেন, যেমন পাখিকে রিজিক দান করে থাকেন। তারা খালি পেটে সকালে বের হয় এবং পেট ভর্তি হয়ে রাতে ফিরে আসে।’ আহমাদ/ দেশরুপান্তর।।