রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাব্বির নামের এক যুবক খুন হয়েছে। পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে তাকে হত্যক করা হয়। নিহত সাব্বির নগরের শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ার শাহীন ইসলামের ছেলে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জাসন মাদকাসক্ত। এক সপ্তাহ ধরে এলাকায় তার অত্যাচার বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। খুনের ঘটনার পর জাসন পালিয়েছেন।

নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণেই শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন মাদকাসক্ত জাসেন। আগেরদিন মঙ্গলবার সে শাহিনকে মারধর করেন। বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যায়।

শাহমখদুম থানার ওসি ফারুক হোসেন বলেন, লাশ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই। এর আগেই অভিযুক্ত জাসেন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে হত্যা মামলাও হবে।

চাঁপাইবার্তা/জেকে।।