১৪০০ বছর পরও মহানবী (সা.) এর যে ৯ অভ্যাস বিজ্ঞানসম্মত বলে প্রমাণিত

নবীজির যে ৯ অভ্যাস ১৪০০ বছর পর বিজ্ঞানসম্মত বলছে গবেষণা। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির জন্য একজন সর্বত্তোম আদর্শ। তিনি শুধু ধর্মীয় পথপ্রদর্শকই ছিলেন না, বরং তার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ ও অভ্যাস ছিল শিক্ষণীয়।

চমকপ্রদ বিষয় হলো, আজ থেকে ১৪০০ বছরেরও বেশি সময় আগে তিনি যে সহজ ও সুন্দর জীবনযাপন করতেন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে সেই অভ্যাসগুলোর উপকারিতা খুঁজে পাচ্ছে। চলুন, তার এমন ৯টি অভ্যাস সম্পর্কে জেনে নেওয়া যাক, যা বিজ্ঞান দ্বারা সমর্থিত।

ভোরে ঘুম থেকে ওঠা

মহানবী (সা.) তাড়াতাড়ি ঘুমাতেন এবং প্রতিদিন ফজরের আজানের সাথে ঘুম থেকে উঠতেন। বিজ্ঞান প্রমাণ করেছে যে, সকালে তাড়াতাড়ি উঠলে কাজের ক্ষমতা বাড়ে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে।

কম খাওয়া

মহানবী (সা.) রোগ থেকে বাঁচতে কম খাওয়ার ওপর জোর দিতেন। ইসলামের ধারণাটি হলো- পেটের এক অংশ খাবারের জন্য, এক অংশ পানির জন্য এবং এক অংশ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখা। এই অভ্যাসটি সুস্থ থাকতে সাহায্য করে।

ধীরে ধীরে খাওয়া

আমাদের পেট যে ভরে গেছে, এই সংকেত মস্তিষ্কে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় লাগে। তাই ধীরে ধীরে খেলে কম খাওয়া হয় এবং হজম ভালো হয়। মহানবী (সা.) নিজেও এটি করতেন এবং করতে উৎসাহিত করতেন।

একসাথে খাওয়া

মহানবী (সা.) বলেছেন, তোমরা একসাথে খাও, আলাদা খেয়ো না। কারণ একসাথে খাওয়ার মধ্যেই বরকত রয়েছে। বিজ্ঞানীরা বলেন, পরিবারের সাথে একসাথে বসে খাবার খেলে মানসিক চাপ কমে এবং ভালো খাদ্যাভ্যাস গড়ে ওঠে।

পানি পানের নিয়ম

তিনি একবারে সবটুকু পানি পান করতেন না, বরং দুই বা তিনবারে নিঃশ্বাস নিয়ে পান করতেন। বিজ্ঞান প্রমাণ করেছে, অল্প সময়ে অতিরিক্ত পানি পান করলে মাথা ব্যথা হতে পারে এবং শরীরের লবণের ভারসাম্য নষ্ট হতে পারে।

ডালিম ফল

ডালিম মহানবী (সা.) এর অন্যতম প্রিয় ফল ছিল বলে মনে করা হয়। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে ডালিম বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর একটি ফল। এটি হৃদরোগ প্রতিরোধ করে এবং শরীরের হাড় গঠনে সাহায্য করে।

রোজা রাখা

মহানবী (সা.) শুধু রমজানে নয়, সারা বছরই নিয়মিত রোজা রাখতেন। তিনি প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখতেন। গবেষণায় দেখা গেছে, এভাবে রোজা রাখলে শরীরের হরমোন ঠিক থাকে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ হয়।

খেজুর

রোজা ভাঙার জন্য খেজুর একটি আদর্শ খাবার। এটি রক্তে শর্করার মাত্রা ঠিক করে এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে। মহানবী (সা.) বলেছেন, যে ঘরে খেজুর আছে, সে ঘরের লোক ক্ষুধার্ত থাকবে না।

সক্রিয় থাকা

ইসলামের বিভিন্ন বিধান পালনের জন্য শারীরিক সুস্থতা জরুরি। নামাজ এক ধরনের ব্যায়াম, যা শরীর ও মনের জন্য উপকারী। মহানবী (সা.) নিজেও শরীরচর্চা করতেন এবং অন্যদেরও খেলাধুলা ও ব্যায়াম করতে উৎসাহিত করতেন।

উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট, মহানবী (সা.) এর প্রতিটি অভ্যাস ছিল অত্যন্ত বিজ্ঞানসম্মত ও মানবকল্যাণমুখী। তার দেখানো পথে চললে একদিকে যেমন ধর্মীয় নির্দেশনা পালন করা হয়, তেমনি অন্যদিকে একটি সুস্থ ও সুন্দর জীবন লাভ করা সম্ভব। তাই, এই সহজ কিন্তু শক্তিশালী অভ্যাসগুলো আমাদের নিজেদের জীবনেও কাজে লাগানো উচিত, যা আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সাফল্যের পথে এগিয়ে নেবে।

সূত্র: এবাউট ইসলাম অবলম্বনে/এসটি।।