শিবগঞ্জে ৩ হাজার বেগুন ও ৯শ কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা

যুগান্তর- বগুড়ার শিবগঞ্জে পূর্বশক্রতার জেরে কৃষকের ২০ শতক জমির তিন হাজার বেগুন গাছ উপড়ে ফেলে ও দুই বিঘা জমির ৯শ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে উপজেলার রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ বড় চাপড় গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বুলু প্রামাণিক শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ ও অভিযোগে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ বড় চাপড় গ্রামের রইচ উদ্দিনের ছেলে কৃষক বুলু প্রামাণিকের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের বসতবাড়ির প্রাচীর নির্মাণ, পুকুরের মাছ ধরা ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে কৃষক বুলু প্রামাণিকের ২০ শতক জমিতে লাগানো তিন হাজার বেগুন গাছ উপড়ে ফেলা হয়। একই রাতে দুই বিঘা জমিতে রোপণ করা ৯শ কলাগাছ কেটে নষ্ট করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বুলু প্রামাণিক জানান, প্রতিপক্ষ পূর্ববিরোধের জের ধরে তার জমিতে লাগানো বেগুন ও কলাগাছ নষ্ট করে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। এছাড়া তারা নানাভাবে তাকে হুমকি-ধামকি দিচ্ছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বিষয়টি জানার পর উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হককে ঘটনার বিষয়ে তদন্তের জন্য পাঠানো হয়েছিল।

শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুস শুকুর জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।